বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই রাজকীয় ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনে আয়ের গ্রাফে আরও বড় লাফ দিল বলিউড সিনেমা ‘ককটেল ২’। শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মানদানা অভিনীত এই রোমান্টিক-ড্রামা ছবিটি দ্বিতীয় দিনে (শনিবার) প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি বা জাম্প দেখিয়েছে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক ও বলিউড হাঙ্গামার সর্বশেষ বক্স অফিস ট্র্যাকিং রিপোর্ট অনুযায়ী, শুক্রবার প্রথম দিনে ১৩ কোটি ১০ লাখ রুপি তোলার পর, শনিবার দ্বিতীয় দিনে ছবিটি ভারতের অভ্যন্তরীণ বাজারে আনুমানিক ১৬ কোটি ৫০ লাখ থেকে ১৭ কোটি রুপি নেট সংগ্রহ করেছে। ফলে মাত্র দুই দিনেই ‘ককটেল ২’ এর মোট নেট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি রুপি।
সিনেমাটি ভারতের বড় বড় মেট্রো শহর এবং মাল্টিপ্লেক্সগুলোতে একচেটিয়া দাপট দেখাচ্ছে, তবে সেই তুলনায় সিঙ্গেল স্ক্রিন বা গণ-সার্কিটে এর ব্যবসার গতি কিছুটা মন্থর। ভারতের প্রধান তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর-আইনক্স (PVRInox) এবং সিনেপোলিস (Cinepolis) থেকেই ছবিটির মোট ব্যবসার সিংহভাগ, অর্থাৎ প্রায় ৬২ শতাংশ অবদান এসেছে। অন্যদিকে, নন-ন্যাশনাল মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে এসেছে বাকি ৩৮ শতাংশ ব্যবসা।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, রবিবারের টিকিট বিক্রির গতি ভালো থাকলে ‘ককটেল ২’ এর প্রথম উইকেন্ড (প্রথম তিন দিন) কালেকশন সহজেই ৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে। তবে ছবিটির ভাগ্য এবং এটি বক্স অফিসে ‘হিট’ তকমা পাবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে চলতি সপ্তাহের কর্মদিবসগুলোর (উইকডেজ) ট্রেন্ডের ওপর। বিগ বাজেটের ছবি হওয়ায় ভারতের বাজারে লোকসান এড়িয়ে লাভের মুখ দেখতে বা ব্রেক-ইভেন (Break-even) ছুঁতে হলে ছবিটিকে অন্তত ১২৫ কোটি রুপি নেট আয় করতে হবে। আপাতত শহুরে দর্শকদের পজিটিভ রিভিউয়ের ওপর ভর করেই সিনেমাটি বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে।