বি-টাউনে আবারও নস্টালজিয়ার আমেজ ফিরিয়ে আনতে প্রস্তুত বরুণ ধাওয়ান। পরিচালক ডেভিড ধাওয়ানের সেই চিরচেনা রঙিন জগৎ, কমেডি আর ঝাঁঝালো মিউজিকের মিশেলে নির্মিত নতুন সিনেমা “হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়” নিয়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। আগামী ১৩ এপ্রিল (সোমবার) ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ছবিটির বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক টিজার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই এক মিনিটের টিজারটি এমনভাবে সাজানো হয়েছে যা দর্শকদের পুরনো দিনের ক্লাসিক বিনোদনের স্বাদ দেওয়ার পাশাপাশি আধুনিক গল্পের আমেজও দেবে। টিজারে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ছবির দুই নায়িকা পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুরকে।
টিজারটি নিয়ে সংশ্লিষ্ট সূত্রের দাবি:
“এই টিজারটি পুরোনো দিনের পাশাপাশি আধুনিক দিনের আবেগী গল্পের মিশেলে তৈরি, যা দর্শকদের জন্য হতে পারে এক দারুণ চমক। এখান থেকেই উন্মোচিত হবে সিনেমার মুক্তির তারিখ এবং এর সামগ্রিক মুড।”
রমেশ তৌরানির প্রযোজনা প্রতিষ্ঠান ‘টিপস ইন্ডাস্ট্রিস’-এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি চলতি বছরের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণের এনার্জেটিক পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। আগামী সোমবার টিজার প্রকাশের মাধ্যমেই শুরু হবে ছবিটির বড়সড় প্রচারণা।