ছোটপর্দার একসময়ের জনপ্রিয় জুটি আবারও ফিরছেন একসঙ্গে। দীর্ঘ এক যুগ পর একই নাটকে অভিনয় করতে যাচ্ছেন দীপা খন্দকার ও শাহরিয়ার নাজিম জয়। নতুন এই নাটকের নাম মায়ার বাঁধন। নাটকটি পরিচালনা করছেন যুবরাজ খান।
একসময় টেলিভিশনের পর্দায় একাধিক নাটক ও টেলিছবিতে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন দীপা খন্দকার ও শাহরিয়ার নাজিম জয়। তবে সময়ের সঙ্গে ব্যস্ততা ও ভিন্নধর্মী কাজের কারণে দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছেন এই দুই তারকা।
বর্তমানে অভিনয়ে নিয়মিত থাকলেও দীপা খন্দকারকে আগের মতো নায়িকা চরিত্রে খুব বেশি দেখা যায় না। জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প-এ ‘ফুফু’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে নতুন পরিচিতি পেয়েছেন। এখন অনেকেই তাকে ভালোবেসে ‘জাতীয় ফুফু’ বলেও ডাকেন। শুটিং স্পট থেকে শুরু করে ব্যক্তিগত আড্ডাতেও এই সম্বোধন শুনতে হয় তাকে, যা তিনি বেশ উপভোগ করেন বলেও জানিয়েছেন।
অন্যদিকে শাহরিয়ার নাজিম জয় অভিনয়, উপস্থাপনা ও নির্মাণ সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু দীপার সঙ্গে আবারও কাজ করতে পেরে তিনিও বেশ উচ্ছ্বসিত।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা যুবরাজ খান জানান, মায়ার বাঁধন মূলত একটি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প। যেখানে একসময় পরিবারের উপার্জনক্ষম বাবার চাকরি চলে যায় এবং শুরু হয় কঠিন সংগ্রামের জীবন। অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের প্রতি মা-বাবার ভালোবাসা কমে না। তবে পরিবারের ছেলের প্রতি বাড়তি গুরুত্ব দেওয়া হলেও মেয়েটি নীরবে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়।
পরিচালকের ভাষায়, নাটকটি পরিবার, সম্পর্ক, ত্যাগ ও ভালোবাসার এক আবেগঘন গল্প তুলে ধরবে, যেখানে দর্শক নিজেদের জীবনের অনেক বাস্তবতার প্রতিফলন খুঁজে পাবেন।