অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনেও যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। একটি গাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান অভিনেত্রী।
তবে ব্যবসায়িক অঙ্গনে মাহির যাত্রা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর ধরেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন তিনি। এতদিন ব্যবসার বিভিন্ন দিক বোঝা ও কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে নিজের সম্পৃক্ততার কথা প্রকাশ্যে আনলেন।
নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওনড গাড়ির বড় সংগ্রহ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। চীন, জাপান ও ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানির পাশাপাশি জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও আনা হবে।
শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়েও পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাহি। অভিনয়ের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়েও আশাবাদী তিনি।
দীর্ঘদিন ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণের পর এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন মাহি। ফলে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নতুন পরিচয় যুক্ত হলো এই অভিনেত্রীর।