কাজের সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই পেশাদারিত্বের নজির স্থাপন করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। শুধু সাধারণ দৃশ্য নয়, শারীরিকভাবে চ্যালেঞ্জিং কিছু অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন অভিনেত্রী। সন্তান জন্মের আগে নিজের অংশের শুটিং শেষ করার লক্ষ্যেই দিন-রাত পরিশ্রম করছেন তিনি।
কয়েক দিন আগেই কাজের শিফট নিয়ে কঠোর শর্ত দেওয়ার কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি ২’ থেকে দীপিকা বাদ পড়েছেন বলে খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে পেশাদারিত্বের প্রশ্নও উঠেছিল। তবে বর্তমানে নিজের কাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে সেই সমালোচনার জবাব দিচ্ছেন অভিনেত্রী।
আগামী অক্টোবরেই দীপিকা ও রণবীর সিংয়ের ঘরে দ্বিতীয় সন্তান আসার কথা রয়েছে। তবে প্রথম সন্তানের সময়ের মতো এবার দীর্ঘ আগাম বিরতিতে যাননি তিনি। শাহরুখ খানের ‘কিং’ সিনেমার কাজ শেষ করার পর বর্তমানে পরিচালক অ্যাটলির নতুন মেগাবাজেট সিনেমা ‘রাকা’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
‘রাকা’র সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরও নিয়মিত রাতের শিফটে শুটিং করছেন দীপিকা। শারীরিক ঝুঁকি রয়েছে এমন অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি। চুক্তিবদ্ধ হওয়ার সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সন্তান জন্মের আগেই নিজের অংশের কাজ শেষ করতে আউটডোর লোকেশনে বিরামহীনভাবে শুটিং করছেন অভিনেত্রী।
সেটের দীর্ঘ সময়ের শুটিংয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দায়িত্ব পালন করতে হচ্ছে দীপিকাকে। সারাদিনের ব্যস্ততা শেষে দেড় বছর বয়সী বড় মেয়েকেও সময় দিচ্ছেন তিনি। ফলে পেশাগত কাজ ও পারিবারিক দায়িত্ব, দুটোই একসঙ্গে সামলাচ্ছেন এই অভিনেত্রী।
অ্যাটলি পরিচালিত অ্যাকশনধর্মী ‘রাকা’ সিনেমায় দীপিকাকে একেবারে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে। চলতি মাসেই নিজের অংশের শুটিং শেষ করে চূড়ান্ত মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসেও নিয়মিত শুটিং এবং অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তদের অনেকে।
বলিউডে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীদের কাজ করার নজির থাকলেও গর্ভাবস্থার এতটা শেষ পর্যায়ে এসে অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। তাই দীপিকার এই পেশাগত দায়বদ্ধতা যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি তাঁর শারীরিক সুস্থতা নিয়েও তৈরি হয়েছে আলোচনা।