টালিউড সুপারস্টার এবং ঘাটালের সাবেক সাংসদ দেব দীর্ঘ এক দশকের রাজনৈতিক যাত্রা শেষে এবার নতুন এক অবস্থানের কথা জানালেন। ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের পর বুধবার সন্ধ্যায় বিজয়ী দল বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। দেব তাঁর ফেসবুক পোস্টে নতুন সরকারের কাছে রাজ্যের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ সম্পন্ন করার বিষয়েও বিশেষ অনুরোধ জানিয়েছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে ঘাটালের মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় এই প্রকল্পের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
তবে দেবের এবারের বার্তায় সবচেয়ে বড় চমক ছিল টালিউড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে তাঁর বিশেষ আর্জি। চলচ্চিত্র জগতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই অভিনেতা নতুন সরকারকে অনুরোধ করেছেন বাংলা সিনেমায় ‘নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি’ চিরতরে বন্ধ করতে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন শাসনব্যবস্থায় শৈল্পিক স্বাধীনতা সমুন্নত থাকবে এবং চলচ্চিত্র শিল্পের বিকাশ ঘটবে পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের ওপর অযথা নিয়মের বোঝা চাপানো হবে না। সুষ্ঠুভাবে কাজের পরিমাণ বাড়বে।”
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেব এক বড় ঘোষণা দিয়ে জানান, তিনি আর রাজনীতিতে সক্রিয়ভাবে জড়াতে চান না; বরং আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চান। যদিও দলের পরাজয় তাঁকে ব্যথিত করেছে, তবুও ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য তাঁর লড়াই সফল হয়েছে বলে তিনি মনে করেন। নির্বাচনের অনেক আগে থেকেই তিনি সুস্থ কর্মপরিবেশের জন্য সরব ছিলেন। ভক্তদের মাঝেও এখন মিশ্র প্রতিক্রিয়া, অনেকেই তাঁকে রাজনীতি ছেড়ে শুধু সিনেমাতেই মনোনিবেশ করার পরামর্শ দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, একজন অভিনেতা হিসেবে দেব এখনো দর্শকদের কাছে আগের মতোই অপ্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয়।