ওপার বাংলার দুই শীর্ষ তারকা দেব ও জিতের ভক্তদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভার্চ্যুয়াল যুদ্ধ নতুন কিছু নয়। তবে এবার জিতের নতুন সিনেমা নিয়ে নিজের ভক্তদের দেওয়া কটাক্ষ ও নেতিবাচক পোস্টের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন টালিউড সুপারস্টার দেব অধিকারী। সহশিল্পীর প্রতি সম্মান জানিয়ে জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট অবিলম্বে মুছে ফেলার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি বড় ফ্যান পেজ থেকে তীব্র কটাক্ষ ও হেয় করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি দেবের নজরে আসার পর তিনি নিজেই ওই পেজের মন্তব্য ঘরে গিয়ে কড়া আপত্তি জানান এবং নেতিবাচক আলোচনা বন্ধের নির্দেশ দেন।
পরবর্তীতে নিজের অফিশিয়াল প্রোফাইলেও ভক্তদের সচেতন করে দেব লেখেন, "জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলিট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। টিকিট কাটো আর সিনেমা দেখতে যাও।"
দেবের কড়া বার্তার পর প্রায় তিন লাখ অনুসারীর ওই ফ্যান পেজটি জিতের বিরুদ্ধে করা সব পোস্ট সরিয়ে নেয় এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে বার্তা দেয়। দেবের এমন সৌজন্যবোধ ও প্রফেশনালিজম টলিউডে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এক দারুণ দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।