প্রেমের জোর গুঞ্জন ছিল চারিপাশে, কিন্তু ছিল না কোনো অফিশিয়াল স্বীকৃতি অথচ তার আগেই কি না চলে এলো বিচ্ছেদের খবর! দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশ এবং বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা প্রেমের জল্পনা এবার এক নতুন মোড় নিয়েছে। একসঙ্গে পথচলার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়ার আগেই নাকি ভেতরে ভেতরে আলাদা হয়ে গেছেন এই দুই তারকা। আর এই খবর প্রকাশ্যে আসতেই বিনোদন অঙ্গনে এখন প্রশ্ন একটাই যে প্রেম কখনো আলোর মুখ দেখল না, তার বিচ্ছেদের গল্পই বা কেন এত চর্চায়?

ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের প্রেম ও জল্পনার পাঠ চুকিয়ে ধানুশ ও ম্রুণাল ঠাকুর তাদের কথিত সম্পর্কের ইতি টেনেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এই দুই তারকা এখন সম্পূর্ণ আলাদা দুটি পথে হাঁটা শুরু করেছেন। তবে ঠিক কী কারণে তাদের এই গোপন রসায়নে ভাঙন ধরল, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য কিছু জানা যায়নি। বরাবরের মতোই ধানুশ কিংবা ম্রুণাল কেউই এই সম্পর্ক বা বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাওয়ার্ড শো এবং পার্টিতে তাদের একসঙ্গে উপস্থিতি ও রসায়ন নেটিজেনদের মনে তীব্র কৌতুহলের জন্ম দিয়েছিল। বিশেষ করে ‘সন অব সরদার ২’ সিনেমার স্পেশাল প্রিমিয়ার শোতে ধানুশের আকস্মিক উপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছিল। শুধু তাই নয়, এর আগে ধানুশের আগামী সিনেমা ‘তেরে ইশক ম্যায়’ এর একটি ঘরোয়া পার্টিতেও ম্রুণালের বিশেষ উপস্থিতি নিয়ে বলিপাড়ায় কম ফিসফাস হয়নি। তবে ট্রল আর গুঞ্জনের মাঝেও দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেননি।

কর্মক্ষেত্রে বর্তমানে ধানুশ ব্যস্ত সময় পার করছেন তার বহুল প্রতীক্ষিত ‘ওম’ সিনেমার শুটিং নিয়ে। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বিগ বাজেট এই সিনেমাটিতে ধানুশের পাশাপাশি আরও অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা মামুট্টি, শ্রীলীলা এবং সাই পল্লবী। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। অন্যদিকে, ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায়। যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ধাওয়ান এবং পূজা হেগড়ে।