২০২৫-২৬ সালের অন্যতম ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন থামছেই না। অভিনেতা রণবীর সিংয়ের ‘হামজা’ চরিত্রটি যখন বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে, ঠিক তখনই সিনেমার পরবর্তী কিস্তি নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন সহ-প্রযোজক জ্যোতি দেশপান্ডে। তাঁর মতে, এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা এখনই শেষ হচ্ছে না। বরং দর্শকদের উত্তেজনা ধরে রাখতে চলতি বছরের শেষ নাগাদ বড় কোনো চমক আসার সম্ভাবনা রয়েছে। যদিও পরিচালক আদিত্য ধর ইতিপূর্বে পরবর্তী কিস্তি নির্মাণে কিছুটা অনীহা প্রকাশ করেছিলেন, কিন্তু প্রযোজকের এই নতুন বক্তব্যে ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এদিকে সিনেমাটির দ্বিতীয় পর্বের শেষে ‘ধুরন্ধর: দ্য ফাইনাল চ্যাপ্টার ১৪ জুন, ২০২৬’ লেখাটি ভেসে ওঠায় দর্শকরা ধরে নিয়েছেন আগামী জুনেই পর্দা কাঁপাতে ফিরবেন রণবীর সিং। তবে ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন অভিনেতা রাকেশ বেদি। এক সাক্ষাৎকারে তিনি জানান, গল্পের প্রেক্ষাপট অনুযায়ী দ্বিতীয় কিস্তিতে গুপ্তচরটি নিজের দেশে ফিরে আসায় কাহিনীর একটি যৌক্তিক সমাপ্তি ঘটেছে। তাঁর মতে, রণবীর সিংকে নিয়ে তৃতীয় অংশ না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ভবিষ্যতে অন্য কোনো অভিনেতাকে নিয়ে নতুন গল্প শুরু হতে পারে।
পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের বক্তব্যের এই ভিন্নতা ভক্তদের মাঝে এক রহস্যময় পরিস্থিতির সৃষ্টি করেছে। একদিকে ‘ফাইনাল চ্যাপ্টার’-এর ঘোষণা, অন্যদিকে গল্পের সমাপ্তি নিয়ে শিল্পীদের সংশয়, সব মিলিয়ে ‘ধুরন্ধর’-এর ভবিষ্যৎ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আপাতত বছরের শেষে জ্যোতি দেশপান্ডের দেওয়া সেই ‘চমক’-এর দিকেই তাকিয়ে আছেন রণবীর সিংয়ের অনুরাগীরা।