ফিফা বিশ্বকাপের এবারের উদ্বোধনী মঞ্চে যখন আলোর ঝলকানি, সংগীত আর উচ্ছ্বাসে মেতে উঠেছিল দর্শক, তখন সেই মঞ্চে নীরবে জায়গা করে নিয়েছিল বাংলাদেশও। কোনো ফুটবল দল নয়, কোনো জাতীয় পতাকা হাতে আনুষ্ঠানিক প্রদর্শনও নয় বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। আর সেটি তিনি করেছিলেন তাঁর গায়কি ও বিশেষ পোশাকের মাধ্যমে।
গত শুক্রবার কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬–এর উদ্বোধনী আয়োজনে ‘সির সির’ গানটি পরিবেশন করেন সঞ্জয়। কানাডীয় শিল্পী নোরা ফাতেহি ও ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিমের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কোটি দর্শকের সামনে পারফর্ম করেন তিনি। তবে গান শেষ হওয়ার পরও সামাজিক মাধ্যমে আলোচনা থামেনি, কারণ মানুষের নজর কাড়ে সঞ্জয়ের পরা বিশেষ জ্যাকেটটি।
জ্যাকেটের নকশায় বাংলাদেশ
সঞ্জয়ের জ্যাকেটের ডান হাতাজুড়ে সূক্ষ্ম এমব্রয়ডারিতে ফুটে উঠেছিল বাংলাদেশের পরিচয়ের তিনটি শক্তিশালী প্রতীক—বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ জাতীয় পতাকা। শুধু পোশাকে এসব প্রতীক ব্যবহার করেই থেমে থাকেননি তিনি, পারফরম্যান্স চলাকালে বারবার নিজের হাতার দিকে ইঙ্গিত করে বিশ্বদর্শকের নজর সেদিকেই টেনে নিয়েছেন।
মজার বিষয় হলো, বিশ্বমঞ্চে বাংলাদেশের এই উপস্থিতির পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগে। ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার খবর প্রকাশের পর অনেকেই তাঁকে বাংলাদেশের জার্সি পরে মঞ্চে ওঠার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি চেয়েছিলেন একটু ভিন্নভাবে এবং আরও নান্দনিক উপায়ে দেশকে তুলে ধরতে। পরে তিনি তাঁর টিম ও ক্রিয়েটিভ ডিরেক্টর ছায়া কুমারের সঙ্গে বসে এই বিশেষ জ্যাকেটের নকশা তৈরি করেন।
প্রতিটি মোটিফের পেছনের বার্তা
সঞ্জয় জানান, জ্যাকেটের প্রতিটি মোটিফের পেছনেই ছিল একটি গভীর বার্তা। বেঙ্গল টাইগার বাংলাদেশের শক্তি ও সাহসের প্রতীক, শাপলা বহন করে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় এবং জাতীয় পতাকার লাল-সবুজ রং তুলে ধরে শান্তি, সৌহার্দ্য ও পরিচয়ের গল্প। তবে মঞ্চে দাঁড়িয়ে বারবার হাতার নকশা দর্শকদের দেখানোর বিষয়টি আগে থেকে পরিকল্পিত ছিল না। এটি তিনি সম্পূর্ণ নিজের অনুভূতি থেকেই করেছেন। বিশ্বকাপের মঞ্চে ওঠার পর তাঁর মনে হয়েছিল, এই মুহূর্তে তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ আছে। আর এই অনন্য অর্জনের মুহূর্তে তাঁর মনে পড়ছিল মা–বাবা, পরিবার এবং নিজের শিকড়ের কথা।
সোশ্যাল মিডিয়ায় ঝড়
বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের একটি ভিডিও ক্লিপ সঞ্জয় তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। মাত্র ৬৫ সেকেন্ডের সেই ভিডিওটি রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১ কোটি ৬০ লাখের বেশি ভিউ হয়েছে এবং রিঅ্যাকশন এসেছে প্রায় সাড়ে ৮ লাখ। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ২০ হাজার বার এবং এতে মন্তব্য এসেছে ৮ হাজারের বেশি। বাংলাদেশের মানুষের এই ভালোবাসা ও সমর্থনের জন্য সঞ্জয় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।