প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমাটি আগামী ২১ মে থেকে দেখা যাবে চরকিতে।

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘দম’। সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’।

রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। মুক্তির পর থেকেই দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে সিনেমাটি। পাশাপাশি চলচ্চিত্র সমালোচকরাও সিনেমাটির নির্মাণশৈলীর প্রশংসা করেছেন।

পরিচালক রেদওয়ান রনি বলেন, “‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।”

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “‘দম’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে দর্শকরা মনে করছেন। এখন বিশ্বের যেকোনো জায়গা থেকে চরকির মাধ্যমে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।”