গাই রিচির বহুল আলোচিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় মৌসুম মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। ব্রিটিশ রাজকীয় মেজাজ, আভিজাত্য আর মাফিয়া সাম্রাজ্যের রক্তক্ষয়ী লড়াই নিয়ে নির্মিত এই সিরিজটি এবার বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। নেটফ্লিক্স বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় তালিকার দুই নম্বরে জায়গা করে নেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে গড়েছে নতুন রেকর্ড।
নেটফ্লিক্সের অফিশিয়াল বৈশ্বিক হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৩ সেপ্টেম্বর মাত্র এক সপ্তাহের ব্যবধানে ‘দ্য জেন্টলমেন ২’ দেখেছেন প্রায় ১ কোটি (৯৯ লাখ) দর্শক। নতুন এই মৌসুমের অভাবনীয় সাফল্যের টানে অনেক দর্শক আবারও ফিরে গেছেন প্রথম মৌসুমেও; ফলে একই সপ্তাহে প্রথম মৌসুমটি ৫৫ লাখ ভিউ পেয়ে বৈশ্বিক তালিকার ৩ নম্বরে জায়গা করে নিয়েছে। অর্থাৎ নতুন মৌসুমের আকর্ষণে পুরোনো মৌসুমও সমানভাবে ট্রেন্ডিংয়ে ভেসে উঠেছে।
দ্বিতীয় মৌসুমে এবার ইংল্যান্ডের অভিজাত এস্টেটের গণ্ডি পেরিয়ে গল্পের ক্যানভাস ছড়িয়েছে ইতালির বিলাসবহুল উপকূলে। থিও জেমস (এডি হর্নিম্যান) ও কায়া স্কোডেলারিও (সুজি গ্লাস) অভিনীত এই সিরিজের দ্বিতীয় মৌসুমে ক্ষমতার দ্বন্দ্বে যুক্ত হয়েছেন নতুন প্রতিপক্ষ ও নতুন ভৌগোলিক চ্যালেঞ্জ। সমালোচকদের মতে, সিরিজটি একদিকে যেমন দ্রুতগতির সংলাপ ও অদ্ভুত কৃষ্ণরসিকতায় ভরপুর, অন্যদিকে নতুন মৌসুমের বিশাল ক্যানভাস একে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। ইতিমধ্যেই নেটফ্লিক্স সিরিজটির তৃতীয় মৌসুমের সবুজ সংকেত দিয়ে দিয়েছে।