ছয় বছর আগে নির্মিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার আসছে ওটিটিতে। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী।
২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।
ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জুরি অ্যাওয়ার্ড পায় এটি। লন্ডনের ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কারও অর্জন করে সিনেমাটি।
সোমবার রাতে ‘মায়ার জঞ্জাল’ ওটিটিতে মুক্তির খবর জানায় চরকি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে সিনেমাটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ঋত্বিক চক্রবর্তী জানান, ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে অপি করিম অসাধারণ অভিনয় করেছেন। এ সিনেমার মাধ্যমেই সোহেল মণ্ডলের সঙ্গে তাঁর প্রথম পরিচয় ও একসঙ্গে কাজ করা হয়।
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ও সোহেল মণ্ডল ছাড়াও এতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অমিত সাহাসহ আরও অনেকে। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস ও কলকাতার ফ্লিপবুক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে।