ভারতীয় বক্স অফিসে অপ্রতিরোধ্য গতি বজায় রেখেছে জনপ্রিয় অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ডোরেমনের নতুন সিনেমা ‘Doraemon Castle of the Undersea Devil’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় এবং দুর্দান্ত আয়ের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে ভারতের বাজারে সবচেয়ে বড় গ্রসার হিসেবে রেকর্ড গড়েছে এই অ্যানিমেটেড চলচ্চিত্রটি।

মুক্তির পর প্রথম সপ্তাহে দারুণ সাফল্যের ধারা অব্যাহত রেখে সিনেমাটি ৮ দিনে মোট ১৪.৭৫ কোটি রুপি গ্রস কালেকশন অর্জন করেছে। দ্বিতীয় শুক্রবারও ১.২৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, চলতি দ্বিতীয় সপ্তাহের শেষে সিনেমাটির মোট আয় ১৭ থেকে ১৯ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।

সিনেমাটিতে নোবিতা ও তার বন্ধুদের জলের নিচে ক্যাম্পিং অ্যাডভেঞ্চার, রহস্যময় মু ফেডারেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত খলনায়ক ‘পোসাইডন’-এর হাত থেকে পৃথিবীকে রক্ষার রোমাঞ্চকর অভিযান ফুটিয়ে তোলা হয়েছে। বক্স অফিসে এমন ধারাবাহিক সাফল্য পাওয়ায় বিশ্বজুড়ে ডোরেমন ভক্ত ও অ্যানিমেপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে।