পর্দায় বিজয় সালগাঁওকরের উপস্থিতি মানেই টানটান উত্তেজনা আর বুদ্ধির লড়াই। পরিবারের নিরাপত্তা রক্ষায় তাঁর কৌশলী অবস্থান বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মুক্তির মাত্র তিন দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’।

অভিষেক পাঠক পরিচালিত সাসপেন্স থ্রিলারটি গত শুক্রবার, ২ অক্টোবর মুক্তি পায়। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি আয়ের দিক থেকে একাধিক আলোচিত সিনেমাকে পেছনে ফেলেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ প্রথম তিন দিনে শুধু ভারতেই ১৭৬ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে। শুক্রবার ৬২ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করে ছবিটি। পরদিন শনিবার আয় করে ৫৩ কোটি ৫০ লাখ রুপি। এরপর রোববার আয়ের পরিমাণ দাঁড়ায় ৬১ কোটি রুপি।

এই আয়ের ফলে চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড এখন ‘দৃশ্যম ৩’-এর দখলে বলে উল্লেখ করা হয়েছে।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো সাড়া পাচ্ছে ছবিটি। মুক্তির প্রথম তিন দিনে বিদেশের বাজার থেকে আরও ৬১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ফলে তিন দিন শেষে এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৭২ কোটি ৮০ লাখ রুপি।

বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে ‘দৃশ্যম ৩’। এক সমালোচকের মতে, দর্শকরা অজয় দেবগনের জন্য প্রেক্ষাগৃহে গেলেও জয়দীপ আহলাওয়াত তাঁদের মুগ্ধ করে রাখবেন।

ফ্র্যাঞ্চাইজিটির আগের দুই কিস্তির মতো এবার কোনো মালয়ালাম ছবির গল্প অনুসরণ করা হয়নি। অভিষেক পাঠকের পরিচালনা ও সহ-চিত্রনাট্যে এবার সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে হাজির হয়েছে ‘দৃশ্যম ৩’।

প্যানোরমা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮ প্রযোজিত সিনেমাটিতে বিজয় সালগাঁওকরের লড়াইয়ের মূল চেতনা অবশ্য আগের মতোই অটুট রয়েছে। অজয় দেবগনের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, জয়দীপ আহলাওয়াত, রজত কাপুর, প্রকাশ রাজ ও ঈশিতা দত্ত।

মুক্তির মাত্র তিন দিনেই ২৭২ কোটির বেশি আয় করে ‘দৃশ্যম ৩’ এখন বক্স অফিসে কতদূর যায়, সেদিকেই নজর সিনেমাপ্রেমীদের।