ফ্যাশন মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহানের অভিনয়জীবনের পথচলা খুব বেশি দিনের নয়। এবার ‘আন্ধার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা।

হরর গল্পের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রেহান বলেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন আমি হরর গল্প কতটা ভালোবাসি। এত বড় একটি হরর সিনেমায় কাজের সুযোগ পাব, তা কখনো ভাবিনি। অভিনয়ে পথচলার শুরুতেই রায়হান রাফীর মতো একজন নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ অর্জন।’

সিনেমায় হিমেল চরিত্রে দেখা যাবে রেহানকে। চরিত্রটি নিয়ে নির্মাতাদের পরিকল্পনা এবং তাঁকে প্রস্তুত করতে করা পরিশ্রমের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মুক্তির আগেই আলোচনায় এসেছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। এরই মধ্যে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করে সিনেমাটির ‘আনঅফিসিয়াল লুক’ সামনে এনেছেন নির্মাতা। সেই সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্র হিমেলের সঙ্গে।

হিমেল চরিত্রের জন্য রেহানকে বেছে নেওয়ার পেছনের গল্পও জানিয়েছেন রাফী। তাঁর মতে, এমন একজন নতুন মুখ প্রয়োজন ছিল, যাঁকে নিয়ে দর্শকের আগে থেকে তেমন কোনো ধারণা নেই। নতুন শিল্পী হওয়ায় ঝুঁকি থাকলেও রেহানের অভিনয়ে সেই ঝুঁকি সফল হয়েছে বলে মনে করেন নির্মাতা।

সিনেমাটিতে রেহান ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা। শাকিব চৌধুরী ও বেজবাবা সুমনের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান।

মুক্তির আগেই ‘আন্ধার’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। শিগগিরই সিনেমাটির অফিসিয়াল ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে প্রচারণা শুরু হবে।

এদিকে টাঙ্গাইলের সন্তান রেহান এরই মধ্যে নাটক ও ইউটিউব ফিল্মে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। গেল ঈদে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অভিযান’ ইউটিউব ফিল্মে নিজের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।