প্রথম ঝলকেই অন্তর্জালে ঝড় তুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত বহুপ্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তাঁর প্রথম লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের ঠিক পরদিনই আলিয়ার এই আকর্ষণীয় ও আবেদনময়ী অবতার উন্মোচন করেন নির্মাতারা। চলচ্চিত্রটিতে আলিয়ার সঙ্গে অন্য দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। 

প্রকাশিত পোস্টারে আলিয়াকে এক নতুন ও নজরকাড়া লুকে দেখা গেছে। গাঢ় ম্যাজেন্টা-লাল রঙের ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্টের সঙ্গে মাথায় রাজকীয় অলঙ্কার পরেছেন তিনি। তারকা নির্দেশিত এই লুকটি সিনেমার কোনো একটি জমকালো নাচ বা বিশেষ কোনো দৃশ্যের অংশ হতে পারে বলে ধারণা করছেন ভক্তরা। প্রযোজনা প্রতিষ্ঠান বনশালি প্রোডাকশনসের অফিসিয়াল পেজ থেকে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয় "আগ ভি, দিলোঁ কি জান ভি! সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' আসছে ২০২৭ সালের ২১ জানুয়ারি।"

ছবিটিতে রণবীর, আলিয়া ও ভিকি কৌশলকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। এর আগে ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে রণবীরের অভিষেক ঘটেছিল বনশালির হাত ধরে, আর আলিয়া বনশালির সঙ্গে কাজ করেছিলেন ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে। আলিয়া ভাটের এই প্রথম লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে ইতিবাচক মন্তব্যের বন্যা বইছে। বিশ্বজুড়ে আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত বিগ বাজেট পিরিয়ড ড্রামা।