দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বাবু এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
কামরুজ্জামান সাগর আরও উল্লেখ করেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটাই ভালো আছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এবং কাজে যোগ দিতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে এই গুণী শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
দীর্ঘ অভিনয় ও সংগীতজীবনে ফজলুর রহমান বাবু অর্জন করেছেন অসংখ্য দর্শকের ভালোবাসা। বড় পর্দা ও ছোট পর্দা দুই মাধ্যমেই তার শক্তিশালী উপস্থিতি তাকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সহকর্মী শিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।