ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে ফিফা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আমেরিকান ‘সুপার বোল’ ধাঁচের জমকালো ‘হাফটাইম শো’। আর এই ঐতিহাসিক মঞ্চ মাতাতে একসঙ্গে পারফর্ম করবেন পপ সাম্রাজ্যের রানি ম্যাডোনা, ল্যাটিন সেনসেশন শাকিরা এবং বিশ্ব কাঁপানো দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস (BTS)। গত বুধবার রাতে একটি বিশেষ টিজার ভিডিওর মাধ্যমে ফিফা আনুষ্ঠানিকভাবে এই মেগা কাস্টিংয়ের ঘোষণা দেয়।

এই বর্ণাঢ্য আয়োজনের নেপথ্যে বড় ভূমিকা রাখছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এই হাফটাইম শো কেবল বিনোদন নয়, বরং একটি মহৎ সামাজিক উদ্দেশ্য নিয়ে আয়োজিত হচ্ছে। এই ইভেন্ট থেকে প্রাপ্ত অর্থ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন’-এ দান করা হবে, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলের উন্নয়নে ১০ কোটি ডলার তহবিল সংগ্রহ করা। এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ডোজা ক্যাট ও জে বালভিনের পারফরম্যান্সের সফলতার পরই ফিফা এই বড় সিদ্ধান্ত গ্রহণ করে।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনাল। ৯৪ সালের পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে এই বিশ্ব আসর। ফুটবল এবং সংগীতের এই মহাসম্মিলন বিশ্বজুড়ে কী পরিমাণ উন্মাদনা তৈরি করবে তা সহজেই অনুমেয়। বিশেষ করে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র নস্টালজিয়া, ম্যাডোনার কিংবদন্তি উপস্থিতি এবং বিটিএস-এর গ্লোবাল ফ্যানবেস, সব মিলিয়ে এই হাফটাইম শোটি ইতিহাসের অন্যতম আলোচিত ইভেন্টে পরিণত হতে যাচ্ছে।