এটা আমাদেরই গল্প’ এর সাফল্যের পর নতুন ধারাবাহিক নিয়ে ফিরেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পারিবারিক ও ভালোবাসার গল্পে নির্মিত তার নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ মুক্তির শুরুতেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
গত বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ধারাবাহিকটির প্রথম পর্ব। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ দেখা যায় নাটকটি ঘিরে। ইতোমধ্যে প্রথম পর্বের ভিউ ৫৪ লাখ ছাড়িয়েছে।
এরপর বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে প্রকাশিত হয় দ্বিতীয় পর্ব। প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই পর্বটির ভিউ প্রায় ১০ লাখের কাছাকাছি পৌঁছে যায়।
‘ফিরে আসার গল্প’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, ফায়জুল ইয়ামিন, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ড. এজাজুল ইসলাম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
প্রথম দুই পর্ব প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে গল্প ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শকেরা। তাদের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ায় শুরুতেই জমে উঠেছে ধারাবাহিকটি। নিয়মিতভাবে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ফিরে আসার গল্প’।