মুম্বাই বিমানবন্দরে অভিনেতা গোবিন্দের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ওই তরুণীর পরিচয় নিয়েও চলছে আলোচনা। জানা গেছে, তাঁর নাম কোমল রানি স্বর্ণকার। এরই মধ্যে অনেকে তাঁকে গোবিন্দের কথিত প্রেমিকা বলেও দাবি করছেন। তবে তাঁদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এবার সেই জল্পনা নিয়ে মুখ খুলেছেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর সঙ্গে তরুণীর ছবি নিয়ে প্রশ্ন করা হলে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে গোবিন্দকে কটাক্ষ করেন তিনি। সুনীতা বলেন, ‘ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।’
গোবিন্দ ও কোমলের ছবি ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন করা হলে সুনীতা বলেন, ‘আগে তো ছবিটা তৈরি হতে হবে! ছবি তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়াই যদি সব হয়ে যায়, তাহলে আর কী বলব?’
স্বামীর সঙ্গে তরুণীর ছবি নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন সুনীতা। তাঁর কথায়, ‘মেয়ের বয়সী মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু লজ্জা তো হওয়া উচিত। একটু মানসম্মান ও রুচি তো থাকা দরকার!’
এরপরই কোমলকে উদ্দেশ করে গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন সুনীতা। তিনি বলেন, ‘তোমার সুগার ড্যাডি এত ধনী, অন্তত ভালো পোশাক পরো। আমাদের দেখো, আমরা কীভাবে সাজগোজ করে চলি।’
কোমল রানি স্বর্ণকার উত্তরপ্রদেশের বাসিন্দা। অভিনেত্রী হলেও এখনো তেমন পরিচিতি পাননি। তবে গোবিন্দের সঙ্গে তাঁর নাম জড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা বেড়েছে। জানা গেছে, গোবিন্দের আসন্ন ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ সিনেমায় তাঁকে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্যও এখনো স্পষ্ট নয়।
কোমলের পোশাক নিয়েও কটাক্ষ করতে দেখা গেছে সুনীতাকে। একই সঙ্গে স্বামীর রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিমানবন্দরে তরুণীর সঙ্গে গোবিন্দের ছবি ঘিরে তৈরি হওয়া গুঞ্জন যে তিনি সহজভাবে নিচ্ছেন না, তাঁর বক্তব্যেই তা স্পষ্ট।
গোবিন্দ ও সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালে। তাঁদের দুই সন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্যজীবনে স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা। এবার বিমানবন্দরের একটি ছবি ঘিরে তৈরি হওয়া নতুন জল্পনা নিয়ে তাঁর কড়া মন্তব্য আবারও আলোচনায় এসেছে।