৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে একসঙ্গে হাজির হয়ে আবারও আলোচনায় জেনডায়া ও টম হলান্ড। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত এবারের আয়োজনে তাঁদের উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে বিয়ের পর এই প্রথম তাঁরা কোনো বড় অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ।

এবারের এমিতে জেনডায়া ‘ইউফোরিয়া’ সিরিজে রু চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ এমি মনোনয়ন। একই চরিত্রে অভিনয়ের জন্য এর আগে দুবার এমি পুরস্কারও জিতেছেন তিনি। অন্যদিকে টম হলান্ডের জন্য এবারের আসর ছিল বিশেষ। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য অডিসি’ সিনেমায় জেনডায়ার সহশিল্পী হলান্ড প্রথমবারের মতো এমির অনুষ্ঠানে হাজির হন।

অনুষ্ঠানের একপর্যায়ে ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা মারচেলো হার্নান্দেজ তারকাদের নিয়ে মজা করার সময় ক্যামেরা ঘুরে যায় জেনডায়ার দিকে। তাঁর ঠিক পেছনেই দেখা যায় হলান্ডকে। প্রেমিকার দিকে তাকিয়ে হাসছিলেন তিনি। বিষয়টি নজর এড়ায়নি দর্শকদেরও।

রেড কার্পেটে জেনডায়া ও হলান্ডের সাজও ছিল নজরকাড়া। জেনডায়ার পরনে ছিল কুতুর গাউন, সঙ্গে ছিল মিকিমোটোর সাউথ সি কালচার্ড পার্লের দুল। এই সাজের মাধ্যমে মুক্তোর চিরন্তন সৌন্দর্যকে আধুনিক ও তরুণভাবে তুলে ধরতে চেয়েছিলেন বলে জানান ল রোচ। অন্যদিকে হলান্ডকে দেখা যায় ডিওরের পোশাকে।

তবে তাঁদের পোশাকের চেয়েও বড় আলোচনার জন্ম দেয় বিয়ের প্রসঙ্গ। এর আগে ল রোচই দাবি করেছিলেন, জেনডায়া ও হলান্ড চলতি বছরের বসন্তে গোপনে বিয়ে করেছেন। সেই মন্তব্যের পর তাঁদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এবার অবশ্য নিজের আগের বক্তব্য প্রত্যাহার করে রোচ জানান, তিনি ইচ্ছা করেই মিথ্যা বলেছিলেন।

ল রোচের ভাষ্য অনুযায়ী, জেনডায়া ও টম হলান্ড এখনো আনুষ্ঠানিকভাবে বিবাহিত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের গোপন বিয়ের যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, সেগুলোকেও তিনি সত্য নয় বলে জানিয়েছেন। তবে দুজনের সম্পর্ক যে দীর্ঘদিনের এবং গভীর, সেটি স্পষ্ট করে রোচ বলেন, হলান্ড জেনডায়ার দীর্ঘদিনের সঙ্গী হলেও আনুষ্ঠানিকভাবে এখনো তাঁর স্বামী নন।

দীর্ঘদিনের প্রেম ও বাগ্‌দানের পর জেনডায়া-হলান্ডের গোপন বিয়ে নিয়ে নানা সময়েই গুঞ্জন ছড়িয়েছে। তবে স্টাইলিস্টের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, তাঁদের সেই বহুল আলোচিত বিয়ের অপেক্ষা এখনো শেষ হয়নি।

এদিকে ২০২৬ সাল জেনডায়া ও হলান্ড দুজনের জন্যই ব্যস্ততায় ভরা। ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। বিশেষ করে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার বক্স অফিসে ৯২ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এর ৯৩ কোটি ৬০ লাখ ডলারের রেকর্ড ছোঁয়ার পথে রয়েছে সিনেমাটি।

এর আগে মার্চে ফ্যানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনডায়া জানিয়েছিলেন, কিছু সময়ের জন্য তিনি লোকচক্ষুর আড়ালে থাকতে চান। নিজের জনপ্রিয়তা ও পর্দায় নিয়মিত উপস্থিতি নিয়ে তিনি বলেছিলেন, মানুষ যেন তাঁকে দেখে ক্লান্ত হয়ে না যায়। তবে এমির মঞ্চে হলান্ডের পাশে তাঁর উপস্থিতি আবারও প্রমাণ করল, এই তারকা জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ এখনো আগের মতোই তীব্র।