‘হিরোজ’, ‘ন্যাশভিল’ এবং ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬’-এর মতো আলোচিত সিনেমা ও সিরিজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেতিয়ের চলে গেলেন না-ফেরার দেশে। রোববার (১৬ আগস্ট) মাত্র ৩৬ বছর বয়সে তাঁর অকালমৃত্যু ঘটে। তাঁর প্রতিনিধি এবিসি নিউজকে বিষাদময় এই খবরটি নিশ্চিত করেছেন। তবে অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। 

হেইডেনের প্রতিনিধির দেওয়া বিবৃতিতে জানানো হয়, তিনি ছিলেন দারুণ এক আলোকময় ও প্রাণবন্ত সত্তা। পর্দার অভিনয়ে এবং ব্যক্তিগত জীবনে নিজের ভালোবাসায় কোটি মানুষকে আনন্দিত করেছেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সে ১৯৯৪ সালে ‘ওয়ান লাইফ টু লাইভ’ ধারাবাহিকের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা হেইডেন পরবর্তীতে ‘গাইডিং লাইট’ এবং ‘রিমেম্বার দ্য টাইটানস’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় সবার নজর কাড়েন।

তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁক আসে ২০০৬ সালে। এনবিসির হিটি সিরিজ ‘হিরোজ’-এ ক্লেয়ার বেনেট চরিত্রে অসাধারণ অভিনয় তাঁকে বিশ্বজুড়ে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর ‘ন্যাশভিল’ সিরিজে জুলিয়েট বার্নস চরিত্রের জন্য তিনি দুবার গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন পান। হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম ৪’ ও ২০২৩ সালের ‘স্ক্রিম ৬’-এ কিরবি চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র প্রেমীদের কাছেও ভীষণ প্রশংসিত হন তিনি।

ব্যক্তিগত জীবনে মাদকাসক্তি ও প্রসব-পরবর্তী বিষণ্নতার মতো কঠিন পরিস্থিতির সঙ্গে দীর্ঘ সংগ্রাম করেছেন এই অভিনেত্রী। গত মে মাসে প্রকাশিত তাঁর আত্মজীবনীমূলক বই ‘দিস ইজ মি: আ রেকনিং’-এ হলিউড জীবন এবং পারিবারিক সংকটের নানা অভিজ্ঞতা খোলামেলাভাবে তুলে ধরেছিলেন তিনি। কম বয়সেই এমন এক প্রতিশ্রুতিশীল তারকার প্রস্থানে বিনোদন বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।