আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় চলছে আলোচনা-সমালোচনা। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে সাংবাদিকদের কাছে পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত এক মেলায় বক্তব্য দিতে গিয়ে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন হিরো আলম। তিনি বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’

পরীমনির আচরণকে দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে হিরো আলম বলেন, তারকাদের সবারই গণমাধ্যমকর্মীদের সম্মান করা উচিত। পরীমনিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে।’

হিরো আলমের মতে, দেশজুড়ে চলা এই আলোচনা দ্রুত শেষ হওয়া প্রয়োজন। আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য পরীমনির প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।