ভারতীয় চলচ্চিত্রের দুই কিংবদন্তি অভিনয়শিল্পী ইরফান খান এবং বিদ্যা বালনের ক্যারিয়ারের শুরুর দিকের একটি বিশেষ কাজ অবশেষে দর্শকদের সামনে এল। দীর্ঘ ২৫ বছর ধরে নানা প্রতিকূলতায় আটকে থাকা সিনেমা ‘দ্য লাস্ট টেন্যান্ট’ গত ২৯ এপ্রিল ইউটিউবে মুক্তি পেয়েছে। এই সিনেমাটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো, পুরো ক্যারিয়ারে এই একটি মাত্র প্রজেক্টেই ভারতীয় চলচ্চিত্রের এই দুই ‘পাওয়ার হাউস’ পারফর্মারকে একসাথে দেখা গেছে। মূলত রূপালি পর্দায় এটিই ছিল বিদ্যা বালনের অভিষেক কাজ।

পরিচালক সার্থক দাশগুপ্ত দুই দশকেরও বেশি সময় আগে ছবিটির কাজ শেষ করলেও মূল ফুটেজ হারিয়ে যাওয়ায় এটি আলোর মুখ দেখতে পারেনি। দীর্ঘ সময় পর ঘটনাক্রমে ছবিটির একটি ভিএইচএস (VHS) কপি খুঁজে পাওয়া যায়। বর্তমানের অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সেই ফুটেজ পুনরুদ্ধার করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরিচালক সার্থক দাশগুপ্তের জন্য এটি এক আবেগঘন মুহূর্ত। ইঞ্জিনিয়ারিং ও এমবিএ ছেড়ে আসা সেই তরুণ পরিচালকের জন্য শূন্য বাজেটের এই সিনেমাটি ছিল এক বড় পরীক্ষা, যা আজ প্রয়াত ইরফান খানের স্মৃতিতে মুক্তি দিতে পেরে তিনি তৃপ্ত।

সিনেমাটির গল্প গড়ে উঠেছে একজন সংগীতশিল্পীকে ঘিরে, যিনি দেশ ছাড়ার আগে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন। নিস্তব্ধতা ও রহস্যের আবহে স্মৃতি আর আকাঙ্ক্ষার এক অনন্য নস্টালজিক জার্নি এই ‘দ্য লাস্ট টেন্যান্ট’। বিদ্যা বালন তাঁর প্রথম দিকের এই কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ইরফানের মতো অসাধারণ সহকর্মীর সঙ্গে করা একমাত্র কাজটি শেষ পর্যন্ত দর্শকরা দেখতে পাচ্ছেন, এটি একটি অবিশ্বাস্য প্রাপ্তি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই সিনেমাটি ইউটিউবে প্রায় ২ লক্ষ ভিউ অর্জন করে ইরফান ভক্তদের মাঝে অমূল্য রত্ন হিসেবে জায়গা করে নিয়েছে।