দক্ষিণি তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে। প্রথম দিনের আগাম বুকিংয়েই ৪ লাখ ৭৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে আয় ২৭ কোটি রুপি ছাড়িয়েছে। তবে আকাশচুম্বী সাফল্যের পাশাপাশি নতুন বিতর্কেও জড়িয়েছে ছবিটি। টিজার ও গানে নারী চরিত্রের উপস্থাপনা দেখে একাংশ দর্শক সিনেমাটিকে ‘নারীবিদ্বেষী’ বলে সমালোচনা করছেন। সম্প্রতি হায়দরাবাদে এক অনুষ্ঠানে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ‘রকি ভাই’ খ্যাত তারকা যশ।
যশ জানান, ট্রেলার বা প্রচারণার কিছু দৃশ্য দেখে সিনেমাটি সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে। ছবিটি নারীবিদ্বেষী নয়, বরং নারীদের অধিকার ও সক্ষমতার কথা বলবে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, পুরো সিনেমাটি দেখার পরই চূড়ান্ত মতামত দেওয়া উচিত। ছবিটির পরিচালক গীতু মোহনদাস যে একজন নারী বিষয়টি আলাদাভাবে উল্লেখ করে যশ বলেন, "জীবনে কিছু অর্জন করা সবার জন্যই কঠিন, তবে নারীদের জন্য তা দ্বিগুণ কঠিন। এই পরিচালক প্রমাণ করবেন যে যেকোনো নারী নিজের শর্তে সফল হতে পারেন।"
‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর সবাই যখন যশের কাছে বড় বাজেটের কোনো বাণিজ্যিক ফর্মুলা আশা করছিলেন, তখন তিনি গীতু মোহনদাসের ভিন্ন ধারার গল্প বেছে নেন। আগামী ২৬ আগস্ট কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও ইংরেজি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে যশের সঙ্গে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।