পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর নতুন পর্ব দেখতে প্রতি শুক্রবার ও শনিবার অপেক্ষা করেন অভিনেত্রী ইসরাত অতিথি। এই অপেক্ষার অনুভূতি থেকেই নিজের অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর দর্শকদের কথা মনে পড়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।
দর্শকের কাছে ইসরাত অতিথি ‘ফারহানা’ নামেই বেশি পরিচিত। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেই ব্যাপক পরিচিতি পান তিনি। এবার অন্য একটি ধারাবাহিকের দর্শক হয়ে উপলব্ধি করছেন, পছন্দের নাটকের নতুন পর্বের জন্য দর্শকদের অপেক্ষা কেমন হতে পারে।
পোস্টে ইসরাত লিখেছেন, ‘প্রতি শুক্রবার আর শনিবার ‘দার-ই-নিজাত’-এর জন্য অপেক্ষা করতে করতে এখন বুঝতে পারছি, ‘এটা আমাদেরই গল্প’-এর জন্য অপেক্ষা করতে আপনাদের কেমন লাগত!’
উমেরা আহমেদের গল্পে নির্মিত হয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। প্রথমে উপন্যাস হিসেবে প্রকাশের পরিকল্পনা থাকলেও পরে গল্পটি টেলিভিশনের চিত্রনাট্যে রূপ দেন লেখক। এতে জিনা, আধ্যাত্মিকতা, অনুশোচনা, আত্মিক পরিশুদ্ধি ও ধর্মীয় বিশ্বাসের প্রদর্শনপ্রবণতার মতো বিষয় উঠে এসেছে।
২০২৬ সালের ১ আগস্ট এআরওয়াই ডিজিটালে ধারাবাহিকটির প্রচার শুরু হয়। এতে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার, জারিয়াব হাবিব চরিত্রে দুরেফিশান সেলিম এবং জামিল হোসেন চরিত্রে রয়েছেন নামির নাওয়াজ খান। প্রচলিত প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের বাইরেও ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত সিদ্ধান্ত ও নৈতিকতার নানা দিক তুলে ধরেছে নাটকটি।