রহস্য, সন্দেহ আর বিশ্বাসঘাতকতায় মোড়া এক মনস্তাত্ত্বিক খুনের গল্প নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পাহাড়ের মনোরম পরিবেশে সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা গোপন সত্য নিয়ে নির্মিত হতে যাওয়া ‘আরএসভিপি মার্ডার’ (RSVP Murder) নামের এই মার্ডার মিস্ট্রি ছবিটিতে যুক্ত হয়েছেন তিনি। নিজের পছন্দের পরিচালক অর্জুন দত্তের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই গুণী অভিনেত্রী।
পরিচালক অর্জুন দত্তের এই সিনেমায় নিজের চরিত্রটি নিয়ে জয়া আহসান জানান, চরিত্রটি বেশ আকর্ষণীয় এবং তা ফুটিয়ে তোলার মধ্যে এক ধরনের দারুণ চ্যালেঞ্জ রয়েছে। ছবির গল্প আবর্তিত হয়েছে পাহাড়ের কোলে একটি আনন্দঘন অনুষ্ঠানকে কেন্দ্র করে। তবে সেই আয়োজনের মাঝেই একটি অস্বস্তিকর বার্তা আসার পর একে একে সামনে আসতে থাকে পরিচিত মানুষগুলোর সম্পর্কের আড়ালে জমে থাকা দ্বন্দ্ব, ঈর্ষা, ক্ষোভ ও বিশ্বাসঘাতকতা। বন্ধুত্ব, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণই ছবিটির মূল গল্পকে এগিয়ে নেবে। জয়া আহসান ছাড়াও ছবিটিতে আরও একঝাঁক তারকা অভিনয় করছেন; যাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে এবং গৌরব রায়চৌধুরী অন্যতম।