দুবাইয়ে ‘শাহরুখস রেসিডেন্সেস বাই ডানিউব’ (Shahrukhz Residences by Danube)-এর একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জীবনের অতীতের দিনগুলোর কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউড বাদশা শাহরুখ খান। খুব কম বয়সে বাবা-মাকে হারানোর পর নিজের একটি স্থায়ী ঠিকানার স্বপ্ন কীভাবে তাঁর কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছিল, সে কথাই শেয়ার করেন অভিনেতা।
নির্মাতা করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই ইভেন্টে শাহরুখ জানান, গৌরির সঙ্গে বিয়ের আগপর্যন্ত তাঁর নিজের কোনো বাড়ি ছিল না। এমনকি মুম্বাইয়ের বিখ্যাত ও স্বপ্নের বাড়ি ‘মান্নাত’ কেনার সময়ও সেটি তাঁর সামর্থ্যের বাইরে ছিল। শ্রোতাদের উদ্দেশে পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষ যখন খুব নিষ্ঠার সঙ্গে নিজের স্বপ্নের ঘরের জন্য প্রার্থনা করে, তখন ঈশ্বর ঠিকই তাকে সবচেয়ে সুন্দর বাড়িটি উপহার দেন। এছাড়া অনুষ্ঠানে নিজের পুরোনো সিনেমার বিখ্যাত সংলাপ বলার পাশাপাশি আসন্ন সিনেমা ‘কিং’ (King)-এর গানের সঙ্গে নেচে মঞ্চ মাতান শাহরুখ খান।