রজনীকান্তের আগামী ব্লকবাস্টার সিনেমা ‘জেইলার ২’-এর প্রথম গান ‘আলা বলেলো’ মুক্তির মাধ্যমে দর্শকদের সামনে এসেছে নতুন এক চমক। তবে গানটিতে সুপারস্টার রজনীকান্তের স্বল্প উপস্থিতি থাকলেও মূল আকর্ষণের কেন্দ্রে ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী শমনা কাশিম (পূর্ণা)। সিনেমা এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে গানটি নিয়ে বিস্তারিত আলোচনা।

নেপসন দিলীপকুমার পরিচালিত ও অনিরুদ্ধ রবিচন্দরের সুরে ‘আলা বলেলো’ গানটি মূলত ওনাম উৎসবের আমেজ মাথায় রেখে তৈরি করা হয়েছে। ঐতিহ্যবাহী কেরালার কাসাবু শাড়ি পরে শমনার দুর্দান্ত নাচ ইতোমধ্যে গানটির প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। গানটির সুর ও গায়কিতে আছেন অনিরুদ্ধ নিজে, এবং এর কথা লিখেছেন অরুণরাজা কামারাজ। গানটিতে রজনীকান্তকে শেষভাগে নাচের দৃশ্য উপভোগ করতে ও ছোট একটি উপস্থিতি দিতে দেখা যায়।

২০২৩ সালের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা গান ‘কাবালা’-র সঙ্গে এই গানটির তুলনা টানা হচ্ছে। ‘কাবালা’ গানে তামান্না ভাটিয়ার গ্ল্যামার ও এনার্জেটিক নাচের কারণে সামাজিক মাধ্যমে তুলকালাম সৃষ্টি হয়েছিল। তবে ‘আলা বলেলো’ গানটি সেই পথ না হেঁটে ঐতিহ্যবাহী ও উৎসবের আবহ বেছে নিয়েছে।

আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘জেইলার ২’। সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারান প্রযোজিত এই সিনেমায় রজনীকান্ত ও রাম্যা কৃষ্ণানের পাশাপাশি যোগ দিচ্ছেন এস জে সুরিয়া, বিদ্যুত জামওয়াল, বিদ্যা বালান, হৃতিক রোশন এবং বিজয় সেতুপতির মতো তারকা ব্যক্তিত্বরা।