বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি নিজের জীবনের এক কঠিন ও অন্ধকার সময়ের কথা প্রকাশ্যে এনেছেন। পর্দায় সবসময় গ্ল্যামারাস উপস্থিতি থাকলেও ব্যক্তিগত জীবনে তিনি মানসিক অবসাদ ও মদপানের মতো সমস্যার মধ্য দিয়ে গেছেন এ কথা অকপটে স্বীকার করেছেন তিনি।

একটি পডকাস্টে অংশ নিয়ে জাহ্নবী জানান, কোভিড লকডাউনের সময় এক ট্রমাটিক পরিস্থিতির কারণে তিনি ভেঙে পড়েছিলেন। সেই সময় মানসিক চাপ সামলাতে গিয়ে প্রায় প্রতিদিনই মদপানের অভ্যাস তৈরি হয়ে যায়। যদিও তিনি নিজেকে ‘আসক্ত’ বলতে চান না, তবে স্বীকার করেছেন যে সেই সময় তিনি মানসিকভাবে ভীষণ দুর্বল ছিলেন এবং নেশার মধ্যে সাময়িক স্বস্তি খুঁজতেন।

তিনি আরও বলেন, মদপানের প্রভাব ধীরে ধীরে তার শরীর ও মানসিক অবস্থায় নেতিবাচক পরিবর্তন আনতে শুরু করে। সকালে ঘুম থেকে উঠে অস্বস্তি, নিজের শরীরের গন্ধে অচেনা অনুভূতি এসবই তাকে উপলব্ধি করায় যে তিনি ভুল পথে এগোচ্ছেন।

এই কঠিন বাস্তবতা থেকেই নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন জাহ্নবী। এরপর দীর্ঘ দেড় বছর তিনি মদপান থেকে সম্পূর্ণ দূরে থাকেন। বর্তমানে তিনি সচেতনভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করছেন এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়েও কাজ করছেন।

জাহ্নবীর এই স্বীকারোক্তি ভক্তদের কাছে ইতিবাচক বার্তা হিসেবে ধরা দিয়েছে। তার এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয় গ্ল্যামার জগতের তারকারাও ব্যক্তিগত জীবনে নানা সংগ্রামের মধ্য দিয়ে যান, এবং সেখান থেকে ফিরে আসাটাই আসল শক্তি।