২০২৩ সালে ওপার বাংলায় মুক্তি পেয়েছিল টলিউডের খ্যাতনামা নির্মাতা কৌশিক গাঙ্গুলির বহুল আলোচিত ছবি ‘অর্ধাঙ্গিনী’। সম্পর্কের জটিল ও সূক্ষ্ম সমীকরণের গল্প নিয়ে তৈরি এই ছবিটি সে সময় দুই বাংলার দর্শকের মন জয় করে নেয়। ছবিতে কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের দুর্দান্ত অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল, যা সে বছর পশ্চিমবঙ্গের অন্যতম সফল ছবির তকমা এনে দেয়।
প্রথম পর্বের তুমুল সাফল্যের পর, গত বছর এই ছবির সিক্যুয়েল বা দ্বিতীয় পর্ব ‘আজও অর্ধাঙ্গিনী’র ঘোষণা দেন সংশ্লিষ্টরা। ২০২৫ সালের জুনে ছবিটির শুটিং সম্পন্ন হলেও, এতদিন এর মুক্তির সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এলো আনুষ্ঠানিক বার্তা। জানা গেছে, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি।
নির্মাতা কৌশিক গাঙ্গুলী ছবিটির গল্প প্রসঙ্গে জানিয়েছেন, প্রথম পর্বের কাহিনী যেখানে শেষ হয়েছিল, ঠিক তার বছর দুয়েক পর একটি বিশেষ বিয়েকে কেন্দ্র করে আবারও জীবনের চেনা-অচেনা সমীকরণে মুখোমুখি হবে সুমন, শুভ্রা ও মেঘনা (প্রধান তিন চরিত্র)। এবারও রুপোলি পর্দায় জয়া আহসানের সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। তবে এই তিন মূল চরিত্রের পাশাপাশি নতুন এক চমক হিসেবে এবার যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। জয়া ভক্তরা আবারও তাঁর সাবলীল অভিনয় দেখার জন্য এখন অধীর আগ্রহে দিন গুনছেন।