মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সমালোচকদের কাছ থেকেও তেমন ইতিবাচক সাড়া মেলেনি। তবে প্রায় এক দশক পর এসে নতুন ইতিহাস গড়েছে তেলুগু সিনেমা ‘জয়া জানকী নায়ক’। সিনেমাটির হিন্দি ডাব সংস্করণ ‘খুনখার’ ইউটিউবে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউ অতিক্রম করে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে বলে দাবি করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জয়া জানকী নায়ক’-এর হিন্দি সংস্করণ ‘খুনখার’ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পেন মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। মুক্তির পর ধীরে ধীরে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা বাড়তে থাকে। দীর্ঘ সময় ধরে নিয়মিত দর্শকপ্রিয়তা ধরে রেখে সম্প্রতি সিনেমাটি ১ বিলিয়ন ভিউয়ের ঘরে পৌঁছেছে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির পরিচালক বয়াপতি শ্রীনু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘১০০ কোটি ভিউ, ১০০ কোটি হৃদয়ের ভালোবাসা, ১০০ কোটি আবেগ। বিশ্বের প্রথম সিনেমা হিসেবে এই অসাধারণ মাইলফলক অর্জন করেছে ‘জয়া জানকী নায়ক’। এই অর্জন আপনাদের সবার। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

‘জয়া জানকী নায়ক’ একটি রোমান্টিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস ও রাকুল প্রীত সিং। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন জগপতি বাবু, তারুন অরোরা, প্রজ্ঞা জয়সওয়াল, শরৎ কুমার, নন্দু, সুমন, জয়প্রকাশ এবং ভানী বিশ্বনাথ।

প্রায় ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির সময় বিশ্বব্যাপী মাত্র ২০ কোটি রুপি আয় করেছিল। ফলে বক্স অফিসে এটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং পরিবেশকদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি প্রত্যাশিত প্রশংসা পায়নি।

তবে প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের বিপুল সাড়া পেয়ে নতুন করে আলোচনায় এসেছে ‘খুনখার’। ইউটিউবে এই রেকর্ড সিনেমাটির জনপ্রিয়তার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।