একসময় বলিউডে আলোচিত প্রেমের সম্পর্ক ছিল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের পথ আলাদা হয়ে যায়। বিচ্ছেদের সঠিক কারণ কখনো স্পষ্ট না হলেও পরবর্তী সময়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও দেখা যায়নি।
তবে ব্যক্তিগত টানাপোড়েনের প্রভাব পেশাগত জীবনে পড়তে দেননি কারিনা ও শাহিদ। ‘জব উই মেট’ সিনেমার শুটিংয়ের সময়ই তাদের সম্পর্কে চিড় ধরেছিল বলে জানা যায়। এরপরও সিনেমায় দুজনের অভিনয়ে তার কোনো প্রভাব পড়েনি।
পরবর্তী সময়ে কারিনা বিয়ে করেন সাইফ আলি খানকে। অন্যদিকে ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। এবার সেই মীরাই হাজির হয়েছেন কারিনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে।
ইতোমধ্যে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে মীরা জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। কারিনাও শেয়ার করেছেন একটি ছবি। যেখানে প্রথমবারের মতো একই ফ্রেমে দেখা গেছে শাহিদের সাবেক প্রেমিকা কারিনা ও বর্তমান স্ত্রী মীরাকে।
মীরা তার পোস্টে নারীদের নিজেদের মতো করে বাঁচার স্বাধীনতার কথা তুলে ধরে কারিনাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে কারিনার ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন। জবাবে কারিনা লিখেছেন, ‘তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।’
কারিনা ও মীরাকে একসঙ্গে দেখে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। অনুষ্ঠানে শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তান কিংবা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মীরা কোনো অজানা তথ্য প্রকাশ করেছেন কি না, তা জানতে অপেক্ষায় দর্শকরা।