একাধিক সিনেমার বক্স অফিস ব্যর্থতার পর অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। ব্রিটিশ সাময়িকী ‘হিট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সিনেমাগুলোর হতাশাজনক ফল তাঁর আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে। এ নিয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ‘দিস ইজ মি...নাউ: আ লাভ স্টোরি’ ও নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিনেমা ‘অ্যাটলাস’ প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ থেকে। ৩ কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করেছে মাত্র ১৮ লাখ ডলার।

এ পরিস্থিতিতে অভিনয়ের বদলে চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা এবং সংগীতে বেশি মনোযোগ দেওয়ার কথা ভাবছেন লোপেজ। সূত্রের দাবি, কখনো কখনো অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তিনি।

অন্যদিকে, লোপেজের পাশে দাঁড়িয়েছেন তাঁর সাবেক স্বামী বেন অ্যাফ্লেক। তিনি লোপেজকে নিজের পরিচিত মানুষদের মধ্যে অন্যতম পরিশ্রমী হিসেবে উল্লেখ করেছেন। সমালোচনার ক্ষেত্রে তাঁর প্রতি দ্বৈত মানদণ্ড প্রয়োগ করা হয় বলেও মনে করেন অ্যাফ্লেক।

তবে সংগীতে এখনো ভালো সময় পার করছেন লোপেজ। ডেভিড গুয়েতার সঙ্গে তাঁর গান ‘সেভ মি টুনাইট’ বিলবোর্ডের ড্যান্স/মিক্স শো এয়ারপ্লে চার্টে শীর্ষস্থান অর্জন করেছে। তবে পরপর কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে অন্য তারকারা তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহ হারাতে পারেন, এমন আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।