পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খান। সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। তবে আপাতত অভিযুক্তের পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।
ফারিনের অভিযোগ, ওই ব্যক্তি তাঁর ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন সহকর্মীদের কাছে ছড়িয়ে দিচ্ছেন। এ ছাড়া একাধিকবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন হ্যাক করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ব্যক্তিগত বিভিন্ন নথিও অভিযুক্তের কাছে রয়েছে বলে জানান অভিনেত্রী।
ফেসবুক লাইভে ফারিন বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর ব্যক্তিগত কোনো ভিডিও, কথোপকথন বা তথ্য কারও কাছে পাঠানো হলে তাঁকে জানানোর অনুরোধ করেন তিনি। ভবিষ্যতে কোনো কিছু ফাঁস হলে এর দায় অভিযুক্ত ব্যক্তির ওপর বর্তাবে বলেও মন্তব্য করেন।
আগামী দুই-তিন দিন শুটিংয়ের ব্যস্ততা থাকায় এখনই অভিযুক্তের নাম প্রকাশ করছেন না ফারিন। কাজ শেষ করে অভিভাবকদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তিনি। সেখানে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি অভিযুক্তের পরিচয় প্রকাশ করার কথাও জানান অভিনেত্রী।