কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এখন শুধু টলিপাড়া নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও দাপটের সঙ্গে কাজ করছেন এবং প্রশংসা কুড়াচ্ছেন। তবে পেশাগত সাফল্যের মাঝেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে উঠছে নানা প্রশ্ন।
বেশ কয়েক মাস ধরেই টলিপাড়ায় আলোচনার কেন্দ্রে যিশু-নীলাঞ্জনা দম্পতি। অন্দরের গুঞ্জন, তাঁদের দাম্পত্য সম্পর্কে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলছে। যদিও এখনো পর্যন্ত দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি।
তবে সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন যিশুর স্ত্রী নীলাঞ্জনা। সেখানে তিনি লেখেন, জীবনে হঠাৎ করে কোনো ট্র্যাজেডি বা অনভিপ্রেত ঘটনা ঘটলে সবকিছু সাময়িকভাবে এলোমেলো হয়ে যায়। কিন্তু সেই সময়টাই নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ এনে দেয়, যা এক ধরনের পুনর্জন্মের মতো।
এক সময় অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া নীলাঞ্জনা যিশুকে বিয়ে করার পর শোবিজ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। তবে বর্তমানে তাঁর জীবনযাত্রায় স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। কয়েক মাস ধরেই যিশু ও নীলাঞ্জনা আলাদা থাকছেন বলে শোনা যাচ্ছে। দুই কন্যা সারা ও জারাকে নিয়ে কখনও মুম্বাই, কখনও কলকাতায় সময় কাটাচ্ছেন নীলাঞ্জনা।
টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, তাঁদের ঘনিষ্ঠ অনেকেই এই দম্পতির মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই নীলাঞ্জনা নিজের দুই মেয়ের নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিভিন্ন পডকাস্টে সাক্ষাৎকার দেওয়া সব মিলিয়ে নিজের মতো করে নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিচ্ছেন তিনি।
সব মিলিয়ে যিশু-নীলাঞ্জনা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, নীলাঞ্জনার সাম্প্রতিক কর্মকাণ্ডে বড় পরিবর্তনের আভাস স্পষ্ট।