‘ইমার্জেন্সি’র পর আবারও একটি শক্তিশালী রাজনৈতিক ও মানবিক থ্রিলার নিয়ে বড় পর্দায় ফিরছেন অভিনেতা ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আসন্ন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ (Bharat Bhhagya Viddhaata)-এর প্রথম পোস্টার ও মুক্তির তারিখ ঘোষণা করেছেন তিনি। ২০০৮ সালের ২৬/১১-এর সেই ভয়াবহ রাতে মুম্বাইয়ের কামা হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, ক্লিনার ও সাধারণ কর্মীদের অসামান্য সাহসিকতার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি।

পোস্টারে ‘মুম্বাই আক্রান্ত’ এবং ‘হাসপাতাল উচ্চ সতর্কতায়’-এর মতো শিরোনামের পাশাপাশি হাসপাতালের ভেতরে জীবন বাঁচানোর লড়াইয়ের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। কঙ্গনা জানান, এই সিনেমাটি সেইসব সাধারণ মানুষের গল্প বলে যারা চরম ভয়ের মুহূর্তেও নিজেদের দায়িত্বকে ত্যাগে রূপান্তর করেছিলেন। কামা হাসপাতালের ৪০০টি প্রাণ বাঁচাতে যারা সশস্ত্র সন্ত্রাসীদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তাঁদের সেই অজানা বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই এই চলচ্চিত্র।

সিনেমাটি নিয়ে কঙ্গনা রানাউত বলেন, “আসল সাহস অনেক সময় নীরব থাকে। ‘ভারত ভাগ্য বিধাতা’ সাধারণ মানুষের অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার গল্প। এমন একটি দেশপ্রেমের গল্পের অংশ হতে পেরে আমি গর্বিত।” চিত্রনাট্যকার ও পরিচালক মনোজ তাপাদিয়া সিনেমাটিকে একটি টানটান উত্তেজনাপূর্ণ ও গভীর মানবিক থ্রিলার হিসেবে বর্ণনা করেছেন। পেন স্টুডিওস ও মণিকর্ণিকা ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।