আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া দেব ও শুভশ্রী গাঙ্গুলী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর নতুন গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশের পরই তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। গানের একটি বিশেষ দৃশ্যে এই তারকাজুটির রসায়ন ও ঘনিষ্ঠতা নিয়ে নেটিজেনদের একাংশের মাঝে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।
৩ মিনিট ১৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানে কালো শাড়িতে শুভশ্রী এবং মিলিয়ে কালো শার্টে ধরা দিয়েছেন দেব। বিতর্ক দানা বেঁধেছে গানের একটি ৩-৪ সেকেন্ডের দৃশ্যকে কেন্দ্র করে, যেখানে দেবকে চোখ বন্ধ করে শুভশ্রীর গলার কাছে চুমু খেতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তে ক্যামেরায় শুভশ্রীর গলার কাছে একটি লালচে ছাপ স্পষ্ট হয়ে ওঠে, যাকে অনেকে ‘লাভ বাইট’ বলে মন্তব্য করে সামাজিক মাধ্যমে ট্রল ও রসিকতায় মেতেছেন।
তবে এই সমালোচনার নেপথ্যে কেবল গানের দৃশ্যটিই নয়, বরং কিছুদিন ধরে সিনেমাটির প্রচারণায় দেব ও শুভশ্রীর কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ডকেও দায়ী করছেন নেটিজেনরা। প্রচার মঞ্চে শুভশ্রীর হাতে দেবের চুমু খাওয়া কিংবা কোলে তুলে ছবি তোলার বিষয়গুলো আগেই সমালোচনার জন্ম দিয়েছিল। বাস্তব জীবনে একসময়ের প্রেমের সম্পর্ক চুকে গেলেও রূপালী পর্দায় এই প্রাক্তন জুটির এমন ঘনিষ্ঠতা নেটিজেনদের বাড়তি নজর কেড়েছে। আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন-রোমান্টিক সিনেমাটির মাধ্যমেই প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেব।