জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন খাইরুল বাসার। ‘তোমার পাশে হাঁটতে দিও’র অনি, ‘নেটওয়ার্কের বাইরে’র মুন্না কিংবা ‘মহানগর’ সিরিজের আবির চরিত্রে অভিনয়ের পর এবার ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকের সামি চরিত্রেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি প্রচার হয়েছে ‘এটা আমাদের গল্প’ নাটকের শেষ পর্ব। এই কাজটিকেই নিজের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন খাইরুল বাসার। তার ভাষায়, এই নাটকের মাধ্যমে তিনি নতুন এক দর্শক শ্রেণির কাছে পৌঁছাতে পেরেছেন।

খাইরুল বাসার বলেন, “‘এটা আমাদের গল্প’ আসলে আমাদের সমাজের গল্প, আমাদের নিজেদের গল্প। দীর্ঘ সময়ের এই যাত্রায় দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই বিশেষ। শেষের কয়েকটি পর্ব নিয়ে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।”

তিনি আরও জানান, শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। এমনকি এখন ছোট ছোট শিশুরাও তাকে ‘সামির চাচু’ বলে ডাকছে এবং ছবি তুলতে আসছে, যা তার কাছে বড় প্রাপ্তি।

এর আগে ‘তোমার পাশে হাঁটতে দিও’ নাটকের অনি চরিত্রের জন্য হাতে লেখা চিঠিও পেয়েছিলেন তিনি। পরে ‘নেটওয়ার্কের বাইরে’তে মুন্না এবং ‘মহানগর’ এর আবির চরিত্রেও দর্শকদের ভালোবাসা কুড়ান এই অভিনেতা। বর্তমানে বেশিরভাগ মানুষই তাকে সামি নামেই ডাকছেন বলে জানান তিনি।

আগামী ঈদ উপলক্ষে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন খাইরুল বাসার। হাতে রয়েছে একাধিক নাটকের কাজ। তবে শুধু অভিনয় করাই নয়, ভালো গল্প ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নিতে চান এই অভিনেতা।