হলিউডের সুপারহিরো সিনেমায় লিওনেল মেসি! শুনতে অবাক লাগলেও আসন্ন ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার নতুন প্রচারণামূলক ভিডিওতে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে। টম হল্যান্ডের সঙ্গে তার এই বিশেষ উপস্থিতি ইতোমধ্যেই মার্ভেল ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্পাইডারম্যান সিরিজের নতুন চলচ্চিত্র ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর প্রচারণার অংশ হিসেবে সনি পিকচার্স একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের একটি ক্যাফেতে ‘স্পাইডি ট্র্যাকার’ নামের একটি ডিভাইস হাতে নিয়ে স্পাইডারম্যানকে খুঁজছেন মেসি। কয়েক সেকেন্ডের এই উপস্থিতিই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে মেসির এই সুপারহিরো জগতে উপস্থিতিকে অনেকেই বছরের সবচেয়ে চমকপ্রদ ক্রসওভারগুলোর একটি হিসেবে দেখছেন। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মজার ছলে লিখেছেন, স্পাইডারম্যানের পরবর্তী প্রতিপক্ষ যদি ‘দ্য ড্রিবলার’ হয়, তাহলে সেই চরিত্রে মেসির চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারেন না।
বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ভিডিওটি প্রকাশ হওয়ায় এটি আরও বেশি আলোচনায় এসেছে। ফুটবল ও মার্ভেল, দুই জগতের ভক্তদের কাছেই এটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনির্ভরযোগ্য প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ৪০ সেকেন্ডের এই প্রচারণামূলক ভিডিওতে অংশ নেওয়ার জন্য মেসি ১৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকার সমান। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে এই তথ্যকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের উচ্চ বাজেটের বিজ্ঞাপনেও দেখা গেছে মেসিকে। তাই স্পাইডারম্যানের প্রচারণায় তার অংশগ্রহণকে অনেকেই সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।
‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই মেসির এই বিশেষ উপস্থিতি প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।