বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ বছর বয়সী এক কর্মী, যার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ ও কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৭ জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিওতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিং যাদব। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় একই সেটে অভিনেত্রী আলিয়া ভাটের শুটিং চলছিল বলে জানা গেছে।

ঘটনার পর বানসালি প্রোডাকশনস মৃত কর্মীর পরিবারের জন্য ৪০ লাখ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দেয়। তবে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) মনে করছে, পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে এই অর্থ যথেষ্ট নয়।

সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে অন্তত ৫০ লাখ রুপি করার দাবি জানানো হয়েছে। তাদের মতে, যাদবের দুই কন্যা এখনও অল্পবয়সী। তাদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য পরিবারটির আরও আর্থিক সহায়তা প্রয়োজন।

এফডব্লিউআইসিই-এর সভাপতি বি. এন. তিওয়ারি বলেন, মৃত কর্মীর পরিবারের জন্য বাড়তি সহায়তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি চলচ্চিত্রের সেটে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের কাজের সময়সীমা নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছেন তিনি।

সংগঠনটির আরেকটি দাবি হলো, চন্দ্রধারী সিং যাদবের স্ত্রীকে বানসালি প্রোডাকশনসে একটি চাকরির সুযোগ দেওয়া হোক, যাতে পরিবারটির নিয়মিত আয়ের একটি উৎস তৈরি হয়। তবে এসব দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি প্রযোজনা সংস্থা।

এদিকে, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং নির্ধারিত সূচি অনুযায়ী চলছে। এই সিনেমার মাধ্যমে ‘সাওয়ারিয়া’র পর আবারও রণবীর কাপুরের সঙ্গে কাজ করছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে আরও অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।

বড় বাজেটের এই প্রজেক্টটি ইতোমধ্যেই বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে। একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর বর্তমানে সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।