ছোট পর্দার দর্শকদের কাছে ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে উঠছেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। গেল ঈদে তার অভিনীত ১৮টি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নাটক ইতোমধ্যে ইউটিউবে মুক্তি পেয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার প্রস্তুতিও নিচ্ছেন এই তরুণ অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম জানান, ঈদের প্রথম সাত দিনে সাতটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে তার সাতটি নাটক প্রচারিত হয়েছে। এরপর পর্যায়ক্রমে ইউটিউবেও প্রকাশ পেয়েছে একাধিক নাটক। তার ভাষায়, এখন পর্যন্ত প্রায় ১২ থেকে ১৩টি নাটক অনলাইনে মুক্তি পেয়েছে, সামনে আরও কয়েকটি নাটক দর্শকদের জন্য আসবে।
দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘কোথায় তুমি কোথায় আমি’, ‘সিন্ডিকেট বাদল’, ‘একই ছাদের নিচে’, ‘লাভ ওয়ান্স এগেইন’, ‘লাভস্টোরি ১৪’ এবং ‘তোমায় উড়াবো রঙে’ উল্লেখযোগ্য। বিশেষ করে ‘একই ছাদের নিচে’ নাটকটি মুক্তির প্রথম দিনেই মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
ঈদের আগে টানা শুটিংয়ের ব্যস্ততায় সময় কাটালেও বর্তমানে কিছুটা বিরতিতে রয়েছেন জিম। প্রায় চার সপ্তাহ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরছেন তিনি। নির্মাতা সেলিম রেজার তিনটি নতুন নাটকের কাজ দিয়ে শুরু হবে তার নতুন ব্যস্ততা।
অভিনয়ে জিমের যাত্রা শুরু হয়েছিল শৈশবেই। নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখার পর এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘শাপলা কুড়ি’ ও ‘আমরা সবাই রাজা’-তে অংশ নেন। পরে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে অভিনয়ের জগতে নিয়মিত হয়ে ওঠেন।
শিশুশিল্পী হিসেবেও রয়েছে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা। জনপ্রিয় চলচ্চিত্র ‘দেবী’-তে তিনি অভিনয় করেছিলেন অভিনেত্রী জয়া আহসানের চরিত্রের ছোটবেলার অংশে।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করছেন জিম। পড়াশোনা শেষ করে চলচ্চিত্রে আরও বেশি মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
অভিনয়জীবনের শুরুতে সহশিল্পী আরশ খানের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও উল্লেখ করেছেন জিম। চরিত্র বিশ্লেষণ, সংলাপ উপস্থাপন এবং অভিনয়ের বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানান তিনি।
এদিকে ওটিটি প্ল্যাটফর্মে কাজের সম্ভাবনার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, একজন নির্মাতার সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই কোনো ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে পারে তার।