বলিউডের সবচেয়ে আলোচিত তারকা সন্তানদের মধ্যে অন্যতম রাহা কাপুর। বয়সে ছোট হলেও এরই মধ্যে পরিবারের সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে। নাতনির প্রাণবন্ত ব্যক্তিত্বে মুগ্ধ দাদু ও চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট। তাঁর মতে, রাহা বাড়িতে এলে তার চঞ্চলতা ও প্রাণশক্তিতে পুরো পরিবেশই বদলে যায়। এমনকি ভবিষ্যতে জনপ্রিয়তার দিক থেকে রাহা তার তারকা বাবা-মাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন তিনি।

রাহা বাবা-মাকেও ছাড়িয়ে যাবে

‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহাকে নিয়ে নিজের অনুভূতির কথা জানান মহেশ ভাট। তিনি বলেন, রাহার উপস্থিতি পরিবারের সবাইকে মুগ্ধ করে এবং সে বাড়িতে এলে স্বাভাবিকভাবেই সবার মনোযোগ তার দিকে চলে যায়।

মহেশ ভাটের ভাষায়, রাহা একদিন রণবীর ও আলিয়াকেও অনেক পেছনে ফেলে যেতে পারে। তার মধ্যে এমন এক আলাদা প্রাণশক্তি রয়েছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। নাতনি বাড়িতে এলে কয়েক ঘণ্টার জন্য পুরো পরিবেশ যেন তার উপস্থিতি ও প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে বলে জানান তিনি।

রাহার সঙ্গে নিজের মেয়ে পূজা ভাটের ছোটবেলার স্মৃতিরও মিল খুঁজে পান মহেশ। সম্প্রতি নীতু কাপুরের সঙ্গে রাহার স্কুলের গ্র্যান্ডপ্যারেন্টস ডেতে যাওয়ার স্মৃতি তুলে ধরে তিনি জানান, সেদিন রাহার এক হাত ধরে ছিলেন তিনি, অন্য হাত ধরে ছিলেন নীতু। সেই মুহূর্তে তার ছোটবেলার পূজার সঙ্গে হাঁটার দিনগুলোর কথা মনে পড়ে যায়।

মহেশের মতে, রাহা যেন পূজারই আরও একটি প্রাণবন্ত সংস্করণ। একই পরিবারের হওয়ায় তাদের মধ্যে ব্যক্তিত্বের কিছু মিল থাকাটাই স্বাভাবিক বলেও মনে করেন তিনি।

যেভাবে রাহা বদলে দিয়েছে রণবীর-আলিয়ার জীবন

২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছর তাদের সংসারে আসে কন্যাসন্তান রাহা। এক বছর বয়সের পর প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। এরপর থেকেই রাহাকে ঘিরে ভক্তদের আগ্রহ ক্রমেই বেড়েছে।

অনেকেই রাহার চেহারায় মা আলিয়া ভাটের ছাপ দেখতে পান। আবার কেউ কেউ তার প্রয়াত দাদু ঋষি কাপুরের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন। তবে চেহারার পাশাপাশি তার ব্যক্তিত্বও যে পরিবারের সদস্যদের কাছে বিশেষ হয়ে উঠেছে, তা বিভিন্ন সময়ের কথাবার্তায় স্পষ্ট হয়েছে।

এক পডকাস্টে রাহার সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে আলিয়া ভাটও স্বামীর পরিবর্তনের কথা জানিয়েছিলেন। তাঁর মতে, রাহার দিকে তাকানোর সময় রণবীরের চোখেমুখে যে আবেগ ফুটে ওঠে, তা একজন বাবা হিসেবে তার পরিবর্তনকে স্পষ্ট করে।

আলিয়া আরও জানিয়েছিলেন, বাবা হওয়ার পর রণবীরের আচরণে এক ধরনের পরিপূর্ণতা এসেছে। বিশেষ করে রণবীর ও রাহার পারস্পরিক সম্পর্ক এবং তাদের কথোপকথন তার কাছে অত্যন্ত মিষ্টি ও বিশেষ মনে হয়।

ছোট্ট রাহাকে ঘিরে কাপুর ও ভাট পরিবারের এই উচ্ছ্বাসের মধ্যেই মহেশ ভাটের মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে ভবিষ্যতের তারকা রাহাকে। বয়স এখনও খুবই কম, তবে এখন থেকেই যে তার মধ্যে আলাদা এক আকর্ষণ রয়েছে, সেটিই যেন তুলে ধরলেন তার দাদু।