বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘মালামাল উইকলি’ প্রায় দুই দশক পর সিক্যুয়াল নিয়ে ফিরছে। ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি গ্রাম্যজীবন, লোভ, ভুল বোঝাবুঝি ও নানা হাস্যকর পরিস্থিতির গল্পে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার নতুন কিস্তিতে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

প্রথম সিনেমায় নানা পাটেকর, রীতেশ দেশমুখ, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, শক্তি কাপুরসহ একঝাঁক তারকা অভিনয় করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। তবে সিক্যুয়ালের পরিচালনার দায়িত্বে থাকছেন না তিনি। নতুন কিস্তি পরিচালনা করবেন অমিত জোশি।

‘তেরে বাতোঁ ম্যায় অ্যায়সে উলঝা জিয়া’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া অমিত জোশির জন্য এটি হতে যাচ্ছে ভিন্ন ধরনের কাজ। অন্যদিকে পরিণীতি চোপড়ার যুক্ত হওয়াও সিনেমাটির অন্যতম আকর্ষণ। বিভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করে পরিচিত এই অভিনেত্রীকে এবার চরিত্রনির্ভর কমেডিতে দেখা যাবে।

তবে সিনেমায় পরিণীতির চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মূল গল্পে তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটিও গোপন রাখা হয়েছে। ফলে নতুন কিস্তিতে তাঁর উপস্থিতি কী ধরনের চমক তৈরি করবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

‘মালামাল উইকলি’র সাফল্যের অন্যতম কারণ ছিল সরল গল্পের সঙ্গে দুর্দান্ত হাস্যরসের মিশেল। নতুন নির্মাতা অমিত জোশি সেই ধারা কতটা ধরে রাখতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। প্রায় ২০ বছর পর প্রিয় এই কমেডির প্রত্যাবর্তনের খবরে পুরোনো দর্শকদের মধ্যে যেমন নস্টালজিয়া তৈরি হয়েছে, তেমনি নতুন প্রজন্মের দর্শকরাও সিনেমাটি নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন।