২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জুলাই মাসের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। বুধবার (১ জুলাই) ফেসবুকে তিনি বহুল আলোচিত হ্যাশট্যাগ ‘#জুলাইCDI’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পোস্টে শাওন লেখেন, গত এক বছর ধরে তিনি ফেসবুকে ‘#জুলাইCDI’ শব্দটি দেখে আসছেন। প্রথমে এটি শুধুমাত্র জুলাই মাসের একটি ট্রেন্ড বলে মনে হলেও পরে তিনি লক্ষ্য করেন, বছরের বিভিন্ন সময়েও অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন।

তিনি লেখেন, ‘প্রথম প্রথম ভেবেছিলাম #জুলাইCDI কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #জুলাইCDI লেখে। কিন্তু একটু খেয়াল করে দেখলাম, সারাবছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে #জুলাইCDI। তখন বুঝতে পারলাম, #জুলাইCDI শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #জুলাইCDI লেখা যায়।’

হ্যাশট্যাগটির বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের প্রসঙ্গ টেনে শাওন আরও লেখেন, ‘মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে #জুলাইCDI লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় #জুলাইCDI, তেমনি কারও ওপর ভীষণ রেগে গেলেও #জুলাইCDI লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ, আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি #জুলাইCDI লিখতে পারেন।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমার বাবা, এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।’

পোস্টটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ পোস্টটির সমালোচনা করছেন। তবে এ বিষয়ে শাওন পরবর্তীতে আর কোনো ব্যাখ্যা বা মন্তব্য দেননি।