আফ্রিকান চলচ্চিত্র ও ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (AMVCA)-এর ১২তম আসরে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো নাইজেরিয়ার লাগোস। তারকাদের জমকালো পোশাকের ভিড়ে সবার নজর কেড়ে নিয়েছেন রিয়েলিটি টিভি তারকা মার্সি আটাং। তিনি এমন একটি বিশালাকৃতির গাউন পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, যা তৈরি করা হয়েছিল ৫০০-র বেশি আসল পাউরুটি দিয়ে। এই ব্যতিক্রমী পোশাকটি বহন করতে তাঁকে বেশ কয়েকজন সহকারীর সাহায্য নিতে হয়েছে, এমনকি তাঁর সঙ্গে থাকা পরিচারিকাদের হাতেও ছিল রুটির থালা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ একে সাহসী ও সৃজনশীল মার্কেটিং কৌশল হিসেবে প্রশংসা করলেও, অনেকে খাবারের অপচয় নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্সি আটাং জানান, এই পোশাকটি কেবল চমক সৃষ্টির জন্য নয়, বরং তাঁর নিজস্ব রুটি তৈরির ব্যবসার প্রচারণার (Marketing) জন্য তিনি এই অভিনব সাজ বেছে নিয়েছেন। পোশাকটির ডিজাইনার টয়িন লাওয়ানি জানান, তিনি মূলত ‘পোশাকের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব বা ব্যবসাকে তুলে ধরা’র একটি নতুন ট্রেন্ড শুরু করতে চেয়েছেন।
লাগোসের ইকো হোটেল অ্যান্ড সুইটসে অনুষ্ঠিত এই বার্ষিক আসরে আফ্রিকান চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল জগতের সেরাদের সম্মাননা জানানো হয়। তবে পুরস্কারের পাশাপাশি রেড কার্পেটে সেরা পোশাকের প্রতিযোগিতাও ছিল তুঙ্গে। বিশাল আকৃতির গাউন আর জমকালো কারুকাজে তারকারা যখন একের পর এক আসছিলেন, তখন পুরো অনুষ্ঠানটি যেন এক শৈল্পিক প্রদর্শনীতে রূপ নেয়। তবে সবকিছু ছাপিয়ে মার্সি আটাং-এর এই ‘ব্রেড ড্রেস’ ২০২৬-এর ফ্যাশন দুনিয়ায় অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।