২০০১ সালের জনপ্রিয় ক্লাসিক রোমান্টিক-কমেডি সিনেমা ‘সেরেনডিপটি’-কে সমসাময়িক রূপ দিতে উদ্যোগী হয়েছে আমাজন এমজিএম স্টুডিওস এবং মিরাম্যাক্স। ক্লাসিক এই ছবিটির আধুনিক সংস্করণ (রিমেক) পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাইকেল শোঅল্টার। 

২০০১ সালে পিটার চেলসোমের পরিচালনায় নির্মিত মূল ‘সেরেনডিপটি’ সিনেমায় অভিনয় করেছিলেন জন কুস্যাক এবং কেট বেকিনসেল। নিউইয়র্কের এক ডিপার্টমেন্টাল স্টোরে একজোড়া গ্লাভস নিয়ে ভাগ্যের চক্রে পরিচয় হওয়া দুই অচেনা মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটি, যা বিশ্বব্যাপী প্রায় ৭ কোটি ডলারের বেশি আয় করে।

মূল ছবির চিত্রনাট্যকার মার্ক ক্লেইন এই নতুন প্রজেক্টের চিত্রনাট্য লেখার কাজ করবেন। মাইকেল শোঅল্টার তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সেমি-ফরমাল প্রোডাকশনস’-এর ব্যানারে জর্ডানা মলিকের পাশাপাশি এটি প্রযোজনা করবেন। এছাড়াও মূল সিনেমার প্রযোজক সাইমন ফিল্ডসও প্রজেক্টটিতে সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন।