ওটিটি জগতের দারুণ জনপ্রিয়তার পর থিয়েটারের বড় পর্দায় রাজকীয় অভিষেক ঘটাল ভারতের জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলে হিট সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করেছে এই চলচ্চিত্রটি। 

আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী ও দিব্যেন্দু শর্মা অভিনীত ‘মির্জাপুর: দ্য মুভি’ মুক্তির প্রথম দিনেই ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে নেট প্রায় ২৫ কোটি রুপি সংগ্রহ করেছে। এই আয়ের মধ্য দিয়ে চলতি বছর বলিউডের থিয়েটার রিলিজগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। ‘ধুরন্ধর ২’ এবং ‘বর্ডার ২’-এর পর এটিই বছরের সবচেয়ে বড় ওপেনিং।

জন্মাষ্টমীর ছুটির সুবিধা পাওয়ার পাশাপাশি বিশেষ করে উত্তর ভারতের দিল্লি-ইউপি, রাজস্থান, বিহার ও মধ্যপ্রদেশে সিনেমাটি চমৎকার ব্যবসা করেছে। ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম থেকে থিয়েটারে বড় রূপান্তরের প্রথম সফল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সিনেমাটি। অগ্রিম টিকিটের দুর্দান্ত চাহিদার ওপর ভিত্তি করে প্রথম উইকেন্ডেই সিনেমাটির আয় ৭৫ থেকে ৮০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ট্রেড এনালিস্টরা।