সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালের সেই সিনেমায় প্রতিবাদী চরিত্রে মিঠুন চক্রবর্তীর অভিনয় দুই বাংলার দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার পর্দার সেই ‘মিনিস্টার’ চরিত্রের সঙ্গে বাস্তব জীবনেরও মিল তৈরি হলো। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মিঠুন চক্রবর্তী, যে পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর মর্যাদার।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়োগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দায়িত্বে রয়েছে। সেই দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তীর নির্দিষ্ট দায়িত্ব কী হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে তাঁকে।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটিতেও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মিঠুন। ফলে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে তাঁর নতুন ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজনীতিতেও মিঠুনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন অভিনেতা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। পরবর্তী সময়ে বিজেপির বিভিন্ন আয়োজন ও প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন মিঠুন।

পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ হয়ে দর্শকদের মন জয় করা মিঠুন এবার বাস্তবেই পেলেন মন্ত্রীর মর্যাদার সরকারি দায়িত্ব। ফলে তাঁর জনপ্রিয় সেই সিনেমার চরিত্রটি যেন নতুন করে বাস্তবতার সঙ্গে মিলে গেল।